ঢাকায় এক রাতে পাঁচ স্থানে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

 রাজধানীর বিভিন্ন স্থানে এক রাতেই অন্তত আটটি ককটেল বিস্ফোরণ এবং একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আদাবর, শাহবাগ, বিমানবন্দর, খিলগাঁও ও মিরপুরের কালশী এলাকায় এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া প্রগতি সরণির কোকাকোলা ক্রসিং এলাকায় সাভার-নতুন বাজার রুটে চলাচলকারী ‘বৈশাখী পরিবহন’-এর একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের ভেতরে প্রথম ককটেলটির বিস্ফোরণ ঘটে। এরপর রাত ৯টা ৫ মিনিটে আদাবর থানার সামনে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। রাত ১০টা ২০ মিনিটে শাহবাগের আইবি গেটের সামনে পুলিশের ডিউটি গাড়ি লক্ষ্য করে এবং রাত ১২টা ১ মিনিটে একই এলাকার জুলাই চত্বরের পাশে আরও দুটি ককটেল বিস্ফোরিত হয়। একই রাতে বিমানবন্দরের গোলচত্বরে উড়ালসড়ক থেকে দুটি এবং মিরপুরের কালশী মোড়ে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল থেকে আরও একটি ককটেল নিক্ষেপ করে সন্ত্রাসীরা। রাত সাড়ে ৭টার দিকে নতুন বাজারে যাত্রী নামানোর পরপরই বৈশাখী পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়।

পর পর ঘটে যাওয়া এসব নাশকতামূলক কর্মকাণ্ডের কারণ ও জড়িতদের সনাক্ত করতে পুলিশ ইতিমধ্যে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শুরু করেছে।

সর্বশেষ নিউজ