পটুয়াখালীর গলাচিপায় নলকূপ স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির হাওলাদার (২৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় গলাচিপা সদর ইউনিয়নের উত্তর চরখালী গ্রামের জহিরুল মৃধার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির বরগুনার তালতলী উপজেলার চাউলাপাড়া গ্রামের হাসান হাওলাদার ও রেহেনা বেগমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জহিরুল মৃধার বাড়িতে নলকূপ স্থাপনের কাজ করার সময় অসাবধানতাবশত খোলা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন সাব্বির। সহকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং পরিবারের নিকটাত্মীয়রা পৌঁছানোর পর এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

