চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর ২০২৬) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা রাজধানী ও এর আশপাশের জনবহুল ও সংবেদনশীল শিল্পাঞ্চলগুলোতে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে রয়েছে—
-
ঢাকা অঞ্চল: সাভার, আশুলিয়া ও মিরপুর।
-
নারায়ণগঞ্জ অঞ্চল: শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল।
-
গাজীপুর অঞ্চল: চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম ও লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে বিজিবি সদস্যরা অত্যন্ত সতর্ক অবস্থানে থেকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।

