বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর আট দিন পেরিয়ে গেলেও এখনো জট খুলেনি মামলার মূল ঘটনার। গত ২৭ অক্টোবর রাতে বাড়ি থেকে বের হওয়ার পর তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বন্ধু দীপ ও এক তরুণী রিমান্ড শেষে বর্তমানে কারাগারে থাকলেও, ওই শেষ রাতে ঠিক কী ঘটেছিল—তার কোনো কুল-কিনারা মেলেনি।
মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার রাতে তাহসিফের সঙ্গে বন্ধু দীপ এবং পরিচিত এক তরুণী উত্তরা ১৮ নম্বর সেক্টরের সিপি ফাইভ স্টার স্ন্যাকস ও নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে সময় কাটান। পরে রাত ১২টা ৪০ মিনিটের দিকে তাঁরা টঙ্গীর মাজার বস্তি এলাকায় পৌঁছান। সেখানে তুরাগ নদের তীরবর্তী একটি মাঠে কিছু লোকের উপস্থিতির কারণে দু’জন আলাদা হয়ে যান বলে দাবি করেন দীপ। এরপর রাত ১টা ৩৬ মিনিটে তাহসিফের ফোন থেকে মায়ের কাছে মেসেঞ্জারে ‘রওয়ানা দিছি আইতেছি’ মর্মে ভয়েস মেসেজ গেলেও তিনি আর ফেরেননি। পরদিন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
তদন্তে দীপ ও ওই তরুণীকে একাধিক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও বেশ কিছু অমিল ও প্রশ্নের উত্তর এখনো অজানা রয়ে গেছে:
-
দীপের ১৫-২০ মিনিটের অনুপস্থিতি: নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে অবস্থানকালে দীপ কোথায় গিয়েছিলেন, কার সঙ্গে যোগাযোগ করেছিলেন—তা এখনো পরিষ্কার নয়।
-
নদের তীরের রহস্য: মাজার বস্তি এলাকার মাঠে যাঁদের দেখে তাঁরা আলাদা হয়েছিলেন, সেই ব্যক্তিরা কারা ছিলেন এবং এরপর ঠিক কী ঘটেছিল?
-
নদীর তীরে মোটরসাইকেল: ঘটনাস্থল থেকে কিছুটা দূরে উদ্ধার হওয়া মোটরসাইকেলটি তাহসিফের কি না এবং মৃত্যুর সঙ্গে অন্য কোনো ভাড়াটে খুনি বা পরিকল্পনা জড়িত আছে কি না, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।
নিহত তাহসিফের বাবা শুরু থেকেই এটিকে হত্যাকাণ্ড হিসেবে দাবি করে সুষ্ঠু বিচার চেয়েছেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করছেন, তাঁদের মক্কেলরা পুলিশকে তদন্তে সহযোগিতা করেছেন এবং ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।
টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন জানান, সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) এবং আসামিদের দেওয়া তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হচ্ছে। সব সূত্র এক জায়গায় মিললে এবং ফরেনসিক প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর আসল রহস্য উন্মোচিত হবে বলে আশা করছে পুলিশ।

