ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন করা ছয়টি গ্রাম পুনরায় ওই ইউনিয়নে অন্তর্ভুক্তকরণ এবং নতুন উপজেলা গঠনের উদ্যোগ বন্ধের দাবিতে চার ঘণ্টা পর রেল ও সড়কপথের অবরোধ তুলে নিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের আশ্বাসে রোববার (৮ নভেম্বর ২০২৬) বেলা ১১টার দিকে এই কর্মসূচি প্রত্যাহার করা হয়। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে আবারও কঠোর অবরোধ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
এর আগে রোববার সকাল ৭টা থেকে সদর উপজেলার কোড্ডা এলাকায় ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়ক এবং ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথ অবরোধ করেন স্থানীয়রা। ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্টেশনে অন্তত সাতটি আন্তনগর ট্রেন আটকা পড়ে। একই সঙ্গে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী।
বাসুদেব ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া নয়নের অভিযোগ, বাসুদেব, কোড্ডা, চান্দি ও কোড়াবাড়িসহ সংশ্লিষ্ট গ্রামের মানুষের মতামত উপেক্ষা করে প্রভাব খাঁটিয়ে ‘বরিশল’ নামে নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার কয়েকটি ইউনিয়ন নিয়ে একই নামে নতুন একটি উপজেলা গঠনের পরিকল্পনা চলছে। আন্দোলনকারীরা বিচ্ছিন্ন করা গ্রামগুলোকে পুনরায় বাসুদেব ইউনিয়নের সঙ্গে যুক্ত করার দাবি জানান।
পরে সকাল সাড়ে ১০টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের দাবি বিবেচনার আশ্বাস দিলে বেলা ১১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয় এবং ট্রেন ও যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

