শ্রমিক অসন্তোষ থামলেও পোশাকখাতে কাটেনি মালিকদের উদ্বেগ

নারায়ণগঞ্জ প্রতিবেদক
spot_img
spot_img

টানা কয়েক দিনের সংঘাত ও আন্দোলনের পর নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে কর্মচাঞ্চল্য ফিরে এলেও শিল্পমালিকদের উদ্বেগ কাটেনি। শ্রমিকরা কাজে যোগ দিয়ে পরিবেশ স্বাভাবিক করলেও উৎপাদনের ধাক্কা এবং বিদেশি ক্রেতাদের নির্ধারিত কারখানা পরিদর্শন বাতিল হওয়ায় দীর্ঘমেয়াদে দেশীয় পোশাকশিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ন ও ক্রয়াদেশ কমে যাওয়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে।

শিল্প মালিকরা জানান, জ্বালানি ও গ্যাস সংকট, বিদ্যুৎ-ব্যাংকিং খরচ বৃদ্ধি এবং মজুরি সমন্বয়ের চাপের মধ্যে এ ধরনের শ্রমিক অসন্তোষ পোশাক খাতের আন্তর্জাতিক প্রতিযোগিতার সক্ষমতাকে দুর্বল করে তুলছে।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল বলেন, ‘পরিস্থিতি বর্তমানে শান্ত হলেও নিরাপত্তার কারণে ইংল্যান্ডসহ বেশ কয়েকটি দেশের নতুন ও নিয়মিত ক্রেতারা কারখানা পরিদর্শনের নির্ধারিত সফর বাতিল করেছেন। বিদেশি ক্রেতারা মাঠপর্যায়ের এমন বিশৃঙ্খলা সরাসরি দেখলে বাংলাদেশের পোশাকশিল্প নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।’

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসানও একই উদ্বেগ প্রকাশ করে জানান, পোশাক খাতে কোনো দেশের ঝুঁকির মাত্রা যত বেশি দেখানো হয়, ক্রেতারা পণ্যের দাম তত কমিয়ে দিতে চান।

প্রসঙ্গত, গত ৩ ও ৪ নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা ও শিবু মার্কেট এলাকায় সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এদিকে, এই আন্দোলন ও গোলযোগের নেপথ্যে উসকানির অভিযোগ তুলেছে প্রশাসন। নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান জানান, নিষিদ্ধ ঘোষিত বিগত সরকারের দোসর ও একটি স্বার্থান্বেষী মহল শ্রমিক সংগঠনের ভেতরে ঢুকে উসকানি দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। ড্রোন ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নাশকতার সঙ্গে জড়িত উসকানিদাতাদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে, বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা সভাপতি এম এ শাহীন জানান, মজুরি বোর্ড গঠনের পর আনুষ্ঠানিকভাবে নতুন বেতন ঘোষণার আগেই এভাবে সড়ক অবরোধ ও সহিংস আন্দোলন করা যৌক্তিক ছিল না। অনাকাঙ্ক্ষিত এই অসন্তোষের সঙ্গে নিবন্ধিত শ্রমিক সংগঠনগুলোর কোনো সম্পৃক্ততা ছিল না বলে দাবি করেন তিনি।

বর্তমানে শিল্পাঞ্চলজুড়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের (৬২ বিজিবি) ৯ প্লাটুন সদস্য মোতায়েনের পাশাপাশি জেলা পুলিশের অতিরিক্ত পিকেট ও গোয়েন্দা নজরদারি বজায় রাখা হয়েছে।

সর্বশেষ নিউজ