বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত গবেষণায় আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে আধুনিক শিক্ষাব্যবস্থা গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ইতিবাচক ব্যবহারের ওপর জোর দিয়েছেন তিনি।
রোববার (৮ নভেম্বর ২০২৬) বগুড়াস্থ পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) আয়োজিত ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা এখন গ্লোবাল ভিলেজে বসবাস করছি এবং প্রতিনিয়ত আমাদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করতে হচ্ছে। আগামী দিনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের শিক্ষাব্যবস্থাকে আরও সমৃদ্ধ করতে হবে। এজন্য শিক্ষকদের উন্নত মানের গবেষণায় মনোনিবেশ করার পাশাপাশি প্রশিক্ষণ কারিকুলামে তথ্য-প্রযুক্তি ও এআই-এর ব্যবহার বাড়াতে হবে। তবে খেয়াল রাখতে হবে যাতে এআই-এর কোনো অপব্যবহার না হয়।’
শিক্ষাকে আনন্দময় করে তুলতে সরকারের নানামুখী উদ্যোগের কথা উল্লেখ করে তিনি শিক্ষকদেরও শ্রেণিকক্ষে আনন্দময় পরিবেশে পাঠদানের পরামর্শ দেন। একই সঙ্গে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষাসংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, আরডিএ-এর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামানিক এবং নায়েম-এর পরিচালক প্রফেসর মো. শাহজাহান।

