হেফাজত আমিরের অশালীন মন্তব্য: কওমি অঙ্গনে তীব্র ক্ষোভ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে বিগত নির্বাচনে দলটির পক্ষে ভোট চাওয়ার জেরে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও বরেণ্য আলেম মাওলানা মামুনুল হককে নিয়ে আপত্তিকর ও অশালীন মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। জ্যেষ্ঠ একজন আলেম ও শীর্ষস্থানীয় মুরুব্বির মুখে এ ধরনের ভাষা প্রয়োগ করায় দেশের কওমি মাদ্রাসা ও আলেম সমাজে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের একটি ওয়াজ মাহফিলে মাওলানা মামুনুল হকের নাম সরাসরি উল্লেখ না করে তাকে ইঙ্গিত করে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করেন মুহিব্বুল্লাহ বাবুনগরী। পরবর্তী সময়ে সেই বক্তব্যের ভিডিও ও বিবরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কওমি অঙ্গনজুড়ে চরম হতাশা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। আলেমদের অনেকেই এটিকে নজিরবিহীন ও অশোভন আচরণ আখ্যা দিয়ে হেফাজত আমিরের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা দাবি করেছেন।

গাজীপুর সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস যুবায়ের আহমাদ সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমিরে হেফাজত বরাবরই আমাদের শ্রদ্ধার। কিন্তু সমালোচনা করার অধিকার থাকলেও কাউকে এভাবে প্রকাশ্যে গালিগালাজ করার অধিকার তার নেই। এতে তার প্রতি গণআস্থায় ঘাটতি তৈরি হবে।’

কওমি উদ্যোক্তার ফাউন্ডার মাওলানা রোকন রাইয়ান মন্তব্য করেছেন, ‘এটা পুরোপুরি অসভ্যদের ভাষা। ভুল সবারই হতে পারে, বয়স বিবেচনায় এখন তার পূর্ণ বিশ্রাম নেওয়া জরুরি। জাতির কাছে তার অবিলম্বে ক্ষমা প্রার্থনা করা উচিত।’

রাজধানী উত্তরার বায়তুল মুমিন মাদ্রাসার মুহতামিম মুফতি নেয়ামতুল্লাহ আমিন বিস্ময় প্রকাশ করে লেখেন, ‘শায়খুল হাদিসের মতো একজন বরেণ্য আলেমকে হাজার হাজার মানুষ ও গণমাধ্যমের সামনে প্রকাশ্য মঞ্চে এমন অপমানজনক ভাষায় গালিগালাজ করা হলো! পৃথিবীর ইতিহাসে এমন ঘটনার নজির আছে কি না আমার জানা নেই।’

মাদ্রাসাায়ে রাহমানিয়া আব্বাসিয়ার শিক্ষক জারির আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যাকে উদ্দেশ্য করে কটূক্তি করা হয়েছে, তার বাবা ছিলেন এ দেশের অবিসংবাদিত শায়খুল হাদিস, যিনি ৬০ বছর বুখারি শরিফ পড়িয়েছেন এবং বাংলায় প্রথম বুখারির অনুবাদ করেছেন। গালিদাতার মতো এমন বিতর্কিত মুরুব্বি থেকে আল্লাহ উম্মাহকে হেফাজত করুন।’

এছাড়াও মাদ্রাসার শিক্ষক আবু নাঈম ফয়জুল্লাহ, মুহিব ইমতিয়াজ, মাহমুদুল হক জালীস ও আরাফাত নুরসহ বহু আলেম ও কওমিপন্থী তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পোস্ট দিয়েছেন। তাদের মতে, শীর্ষ মুরুব্বিদের এমন অসংযত আচরণ সামগ্রিক কওমি অঙ্গনকে জাতির সামনে প্রশ্নবিদ্ধ ও আস্থাহীন করে তুলছে।

সর্বশেষ নিউজ