ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের জীবিকা ও অধিকার রক্ষায় ১২ দফা দাবি বাস্তবায়নের জোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য রাগীব মুন্না। ধনী ও সম্পদশালীদের স্বার্থ রক্ষা করতে গিয়ে গরিব শ্রমজীবী মানুষের জীবিকা বন্ধ করার যেকোনো নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) রাজধানীর পুরাতন পল্টন মোড়ে ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের ১২ দফা দাবি আদায়ে আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে রাগীব মুন্না এসব কথা বলেন।
সমাবেশে তিনি বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও প্রায় ৪০ জন রিকশা শ্রমিক জীবন দিয়েছেন। রক্তে অর্জিত এই দেশে শ্রমিকদের সাংবিধানিক অধিকার পদদলিত করে তাদের পেটে লাথি মারা যাবে না। মাথাব্যথা হলে চিকিৎসা দিতে হয়, মাথা কেটে ফেলা কোনো সমাধান হতে পারে না। বিকল্প ব্যবস্থা বা জীবিকা নিশ্চিত না করে কোনো শ্রমিককে উচ্ছেদ বা রিকশা আটক করা চরম অন্যায্য।’
রাগীব মুন্না আরও অভিযোগ করেন, ব্যাংক লুটপাট ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিয়ে উল্টো হকার, গার্মেন্টস ও রিকশা শ্রমিকদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। দেশের অর্থনীতি সচল রাখা শ্রমজীবীদের অধিকার আদায়ে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে উপস্থিত অন্য বক্তারা জানান, শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা না করে ব্যাটারিচালিত যানবাহনের ওপর চাপিয়ে দেওয়া কোনো অযৌক্তিক নিয়ম মানা হবে না। অবিলম্বে আলোচনার মাধ্যমে নতুন নীতিমালা প্রণয়ন ও পরিমার্জনের দাবি জানান তারা।
সমাবেশ শেষে ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের ১২ দফা দাবি পূরণ এবং শিগগিরই প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

