৩২ ক্যামেরায় নজরদারি: শাহজালালে মাত্র ২০ মিনিটেই লাগেজ পাচ্ছেন যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে নতুন প্রযুক্তি ও নজরদারি ব্যবস্থা। সিসিটিভি ক্যামেরা ও লাইভ স্ক্রিনের মাধ্যমে প্রসেসিং নিশ্চিত করায় এখন বিমান অবতরণের মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই লাগেজ হাতে পাচ্ছেন বহিরাগত ও প্রবাসী যাত্রীরা। কর্তৃপক্ষের এই পদক্ষেপে চরম স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যাগ ব্যবস্থাপনা সংক্রান্ত এক সরেজমিন চিত্রে এই তথ্য জানা গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, লাগেজের নিরাপত্তা ও গতি নিশ্চিত করতে বিমানবন্দরের ৮টি ব্যাগেজ বেল্টের প্রতিটিতে ৪টি করে মোট ৩২টি সিসিটিভি ক্যামেরা এবং ৬৫ ইঞ্চির ১৮টি মনিটর স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে অ্যারাইভাল বেল্টের সামনে দাঁড়িয়েই যাত্রীরা বড় স্ক্রিনে লাইভ দেখতে পারছেন যে কার্গো হোল্ড থেকে কীভাবে লাগেজ নামানো হচ্ছে এবং তা সতর্কতার সঙ্গে বেল্টে পৌঁছানো হচ্ছে কি না।

চীন থেকে আসা নিয়মিত যাত্রী আব্দুল হান্নান আশিক ও সাখাওয়াত আল মামুন মনিটরিং ব্যবস্থার প্রশংসা করে জানান, আগে যেখানে দীর্ঘ অপেক্ষা ও লাগেজ চুরির আশঙ্কা থাকত, এখন লাইভ স্ট্রিমিংয়ের কারণে হ্যান্ডলিং ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি বেড়েছে। ভ্লগার ওয়াকিফ হোসেনসহ প্রবাসী যাত্রীরাও এই প্রযুক্তিভিত্তিক সেবা বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ১ ঘণ্টার মধ্যে ব্যাগ পাওয়াকে মসৃণ সেবা বলা হয়। সেখানে শাহজালালে এখন প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ যাত্রী ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পাচ্ছেন। বডি ক্যামেরা ছাড়াও ৩২টি সিসিটিভি ও ১৮টি মনিটরের মাধ্যমে লাইভ নজরদারির ফলে কর্মীদের অনিয়মের সুযোগ বন্ধ হয়েছে এবং সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।’

সর্বশেষ নিউজ