মোবাইল কোর্টের স্বচ্ছতা বাড়াতে নতুন নির্দেশনা: ভিডিও ধারণ ও জেলা পর্যায়ে ‘মিডিয়া সেল’ গঠনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

মোবাইল কোর্টের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে যুগান্তকারী কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে দেশের প্রতিটি জেলার ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট পরিচালনার সময় প্রতিটি অভিযান ও কার্যক্রমের ভিডিও ধারণ বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া জেলা পর্যায়ে গঠিত হবে একটি করে ‘মিডিয়া সেল’।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি জারি করা দুটি পৃথক পরিপত্রে এসব নির্দেশনার কথা জানানো হয়েছে। জনপ্রশাসন উপদেষ্টার নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশমালা বাস্তবায়নের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্তের মূল দিকগুলো:

  • ভিডিও ধারণ ও প্রমাণ সংরক্ষণ: মোবাইল কোর্টের প্রতিটি অভিযানের ভিডিও ধারণ করে মামলার নম্বর ও তারিখ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জেএম শাখা এবং সংশ্লিষ্ট দপ্তরে সংরক্ষণ করতে হবে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আপিল করলে আদালতে প্রমাণ বা সাক্ষ্য হিসেবে এই ভিডিও উপস্থাপন করা হবে। সাক্ষ্য আইনে ডিজিটাল কনটেন্টকে সাক্ষ্য হিসেবে ব্যবহারের সুযোগ থাকায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

  • মিডিয়া সেল গঠন: মোবাইল কোর্টের কার্যক্রমের প্রচার এবং জনসচেতনতা তৈরির জন্য প্রতিটি জেলায় একটি করে ‘মিডিয়া সেল’ গঠন করা হবে। এই সেল অভিযানের ভিডিও, স্থিরচিত্র ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সরকারি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করবে।

  • জব্দকৃত মালামালের নিরাপদ সংরক্ষণ: অভিযানে জব্দ করা মালামাল সংরক্ষণের জন্য নিরাপদ কক্ষ বা স্থান নির্ধারণ করতে হবে। এ সংক্রান্ত আলাদা রেজিস্টার সংরক্ষণ করে প্রতি মাসে সংশ্লিষ্ট কর্মকর্তা তা যাচাই করবেন। পচনশীল মাল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

  • আপিল পরিচালনায় নির্দিষ্ট আইনজীবী: মোবাইল কোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিল মামলাগুলো আরও সুসংগঠিতভাবে পরিচালনার জন্য জেলা পর্যায়ে সরকারি আইনজীবীদের (পিপি, অতিরিক্ত পিপি ও এপিপি) মধ্য থেকে নির্দিষ্ট দায়িত্ব বণ্টন করা হবে।

  • মাসিক সমন্বয় সভা: জনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির কার্যক্রমের তদারকি বাড়াতে প্রতি মাসে জেলা পর্যায়ে বিশেষ সমন্বয় সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট এই সভায় সভাপতিত্ব করবেন।

  • সহকারীদের প্রশিক্ষণ: মোবাইল কোর্টের কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য নিয়োজিত পেশকার বা সহকারীদের আগামী এক মাসের মধ্যে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবে বিভাগীয় কমিশনারের কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ।

সর্বশেষ নিউজ