কালীগঞ্জে গোডাউন থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার, আহত আরেক নারী

লালমনিরহাট প্রতিনিধি
spot_img
spot_img

লালমনিরহাটের কালীগঞ্জে একটি ধান-চালের গোডাউন থেকে সহর বিবি (৭৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে নুরুননাহার বেগম নামের আরও এক নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকালে উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাট এলাকার একটি গোডাউন থেকে তাদের উদ্ধার করা হয়।

নিহত সহর বিবি উত্তর বিচনদই গ্রামের মৃত এলাহীর স্ত্রী। তিনি উক্ত গোডাউনের কেয়ারটেকার আশরাফুল ইসলাম রাজুর আপন ফুফু।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নুরুদ্দিন নামের এক ব্যক্তির মালিকানাধীন ওই গোডাউন ও জমি সম্প্রতি স্থানীয় আবু শাহজালাল নামের এক ব্যক্তির কাছে বিক্রির প্রক্রিয়া নিয়ে কেয়ারটেকার রাজুর সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত ওই পূর্বশত্রুতা ও সম্পত্তির বিরোধের জের ধরে রাতে কোনো এক সময়ে তাদের ওপর এই নৃশংস হামলা চালানো হয়ে থাকতে পারে।

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। অন্যদিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়া নুরুননাহার বেগমকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুরে মওলা জানান, পুলিশ খবর পাওয়ার পরপরই মরদেহ উদ্ধার ও আহতকে চিকিৎসার ব্যবস্থা করেছে। ঘটনার প্রকৃত কারণ ও রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।

সর্বশেষ নিউজ