রাতে আদালত-স্কুলে নিষিদ্ধ ছাত্রলীগের তালা, সকালে ভাঙল ছাত্রদল

রাঙ্গামাটি প্রতিনিধি
spot_img
spot_img

রাঙ্গামাটি শহরে মধ্যরাতে জেলা জজ আদালত, প্রধান বন সংরক্ষকের কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর ও পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকালে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে এসে ফটকে তালা ঝুলতে দেখে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ স্থানে মহড়া দিয়ে হাতুড়ি দিয়ে এসব তালা ভেঙে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা রাঙ্গামাটি জজ আদালত, বন সংরক্ষকের কার্যালয় এবং কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলফেসানী উচ্চ বিদ্যালয় ও রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়সহ একাধিক প্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলিয়ে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবির সূত্রে জানা গেছে, ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক সোহাগ চাকমা এই ঘটনার দায় স্বীকার করেছেন।

মঙ্গলবার সকালে খবর পেয়ে ৯টার আগেই হাতুড়ি দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের তালা ভেঙে দেওয়ার কথা জানান রাঙ্গামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ওমর মোর্শেদ। তিনি বলেন, রাতের আঁধারে অগণতান্ত্রিক উপায়ে গুরুত্বপূর্ণ দপ্তরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে, ছাত্রলীগের এমন যেকোনো নাশকতা প্রতিহত করতে তারা কঠোর অবস্থানে রয়েছেন।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলগুলোতে যায় এবং বর্তমানে সব প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের আইনগত কার্যক্রম ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।

সর্বশেষ নিউজ