বিসিএসসহ সরকারি চাকরির নিয়োগ পরীক্ষাকে প্রশ্নফাঁস, আর্থিক দুর্নীতি ও ডিজিটাল জালিয়াতিমুক্ত রাখতে আমূল পরিবর্তন এনেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এখন থেকে প্রশ্ন প্রণয়ন, মুদ্রণ থেকে শুরু করে সংরক্ষণ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় সর্বাধুনিক প্রযুক্তি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানানো হয়। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর এক লিখিত প্রশ্নের জবাবে পিএসসির দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মো. আব্দুল বারী এই সংস্কারমূলক পদক্ষেপগুলো তুলে ধরেন।
পিএসসির নেওয়া কঠোর ও আধুনিক পদক্ষেপসমূহ:
-
নিজস্ব ডিজিটাল প্রেসে মুদ্রণ: পূর্বে প্রশ্নপত্র বিজি প্রেস বা আর্মি প্রিন্টিং প্রেসে ছাপা হলেও বর্তমানে তা পিএসসির নিজস্ব ডিজিটাল প্রিন্টিং প্রেসে মুদ্রিত হচ্ছে। মুদ্রণের সঙ্গে যুক্ত ব্যক্তিরা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় প্রেসের ভেতরেই অবস্থান করেন এবং পুরো বিষয়টি স্বয়ং চেয়ারম্যান মহোদয় মনিটরিং করেন।
-
ভল্টে ‘ফেসলক’ ও পুলিশ পাহারা: প্রশ্ন সংরক্ষণের ভল্টরুম আধুনিকায়ন করা হয়েছে। এখন শুধুমাত্র সংশ্লিষ্ট সদস্য ও মনোনীত কর্মকর্তারা ‘ফেসলক’ প্রযুক্তি ব্যবহার করে সেখানে প্রবেশ করতে পারেন। এছাড়া ভল্টের নিরাপত্তায় সার্বক্ষণিক চারজন পুলিশ সদস্য মোতায়েন থাকে।
-
কমিশনে বসে প্রশ্ন প্রণয়ন: প্রশ্নকর্তারা আর বাসা থেকে প্রশ্ন তৈরি করে আনতে পারেন না। বর্তমানে তারা পিএসসির গোপনীয় কক্ষে বসেই প্রশ্ন প্রণয়ন করেন এবং তা সিলগালা করে সরাসরি নির্দিষ্ট সদস্যের কাছে জমা দেন, যা ওইদিনই ভল্টে সংরক্ষণ করা হয়। প্রশ্ন প্রণয়ন ও মডারেশন কক্ষে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কঠোর নজরদারি রাখা হয়।
-
মূল্যায়ন ও ভাইভায় অটোমেশন: লিখিত পরীক্ষার উত্তরপত্র এখন আর বাসায় নেওয়ার সুযোগ নেই; কমিশনে এসে টিমের মাধ্যমে তা মূল্যায়ন করতে হয়। এছাড়া প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ওএমআর মেশিনের মাধ্যমে প্রস্তুত করা হয় এবং ভাইভা পরীক্ষার মাত্র ৩০ মিনিট আগে বোর্ড ও পরীক্ষক নির্ধারণ করা হয়, যা শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করছে।

