তাদের একেবারে ধুয়ে দিলেন চিত্রনায়ক বাপ্পারাজ!

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বীর মুক্তিযোদ্ধা অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক মারা গেছেন এক সপ্তাহ হয়ে গেল। তার মৃত্যুতে ঢাকা-১৭ আসন আপাতত শূন্য। ফারুকের বিদায়ের পরই এই আসনে সংসদ সদস্য হওয়ার জন্য যে বা যারা উঠেপড়ে লেগেছেন, তাদের একেবারে ধুয়ে দিলেন চিত্রনায়ক বাপ্পারাজ।

সোমবার ফেসবুকে একটি পোষ্য কুকুরের ছবিসহ এক পোস্টে নায়ক রাজ রাজ্জাক-পুত্র লিখেছেন, ‘ঢাকা উত্তরের যারা মেয়র হয়ে আসেন, তারা এতটাই এফিসিয়েন্ট যে, কোনো কাজ অসমাপ্ত রাখেন না, যেটা এসে কোনো এমপি সাহেবকে সমাপ্ত করতে হবে। একজন মৃত মানুষকে ক্যাশ করে যারা ফায়দা লুটতে চাচ্ছেন, তারা অফ যেতে পারেন। গুলশান আপনাদের চায় না।’

মন্তব্যের ঘরে অনেকে জানতে চেয়েছেন, নায়ক বাপ্পারাজ কাকে এভাবে ধুয়ে দিলেন? যদিও কারও মন্তব্যেরই জবাব দেননি অভিনেতা।

তবে অনেকে মনে করছেন, ছোটপর্দার রম্য অভিনেতা সিদ্দিকুর রহমানকে উদ্দেশ্য করেই বাপ্পারাজের তির্যক এই বার্তা। ফারুক চিকিৎসা করাতে সিঙ্গাপুর যাওয়ার পর থেকেই সিদ্দিক বিভিন্ন সময়ে জানিয়েছেন যে, তিনি ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চান। সংসদ সদস্য হতে চান।

মৃত্যুর আগ পর্যন্ত ঢাকা-১৭ আসনের সংসদ সদস্যের দায়িত্বে থাকা ফারুকের মরদেহের পাশে দাঁড়িয়েও গত মঙ্গলবার নিজের ইচ্ছার কথা প্রকাশ করেন সিদ্দিক। সেদিন কেন্দ্রীয় শহীদ মিনারে ফারুকের মরদেহে শ্রদ্ধা নিবেদনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিদ্দিক জানান, তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হয়ে ফারুকের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান।

এ নিয়ে এরইমধ্যে অনেকেই সিদ্দিকুর রহমানের নিন্দা করেছেন। মুখ খুলেছেন খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলও। সম্প্রতি তিনি সিদ্দিককে ফারুকের আসনে সংসদ সদস্য হওয়া নিয়ে বেশি লাফালাফি করতে বারণ করেছেন। এবার নায়ক বাপ্পারাজের কথার তিরও সিদ্দিকের দিকে বলেই মনে করা হচ্ছে।

যদিও ঢাকা-১৭ আসনের পরবর্তী সংসদ সদস্য কে হবেন- এই আলোচনায় চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নামও উঠেছিল। যিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। দলটির বিভিন্ন প্রচার-প্রচারণায় সবসময়ই তাকে দেখা যায়। বর্তমানে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছেন।

তবে ফেরদৌস কিন্তু নিজে তার ইচ্ছার কথা প্রকাশ করেননি যে, তিনি ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চান বা সংসদ সদস্য হতে চান। নায়ক ফারুকের মৃত্যুর পরদিন ফেসবুকে দেয়া একটি পোস্টে ফেরদৌসের নামটি প্রস্তাব করেছিলেন আরেক চিত্রনায়ক ওমর সানী।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে ফেরদৌসের তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে ওমর সানী লিখেছিলেন, ‘ফারুক ভাই চলে গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তার শূন্যতা কেউ পূরণ করতে পারবে না, গুলশান-বনানী তার যে সংসদ সদস্য পদ খালি হয়েছে সেই জায়গায় আমাদের ছোট ভাই ফেরদৌসকে ভাবাই যায়। মাননীয় প্রধানমন্ত্রী একটু ভেবে দেখবেন, ধন্যবাদ।’

কাজেই, নায়ক ফেরদৌস যেহেতু ঢাকা-১৭ আসন নিয়ে তার কোনো ইচ্ছার কথা কোথাও প্রকাশ করেননি, তাই নায়ক বাপ্পারাজের দেয়া তির্যক পোস্ট ফেরদৌসকে আহত করবে না বলেই মনে করছেন সবাই। এখন পর্যন্ত শুধু সিদ্দিকই একাধিক বার জানিয়েছেন, তিনি ফারুকের আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করতে চান।

তাই, বাপ্পারাজের তির যে সিদ্দিকুর রহমানের দিকে, সে কথা কমেন্ট বক্সে স্পষ্ট করে অনেকেই জানিয়েছেন। সিদ্দিক ঢাকা-১৭ থেকে নির্বাচন করতে চান, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। যদিও কোনো সমালোচনাই টলাতে পারছে না সিদ্দিককে। তিনি তার সিদ্ধান্তে অনঢ়।

টিভি নাটকের এই রম্য অভিনেতা এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি। তারপর থেকেই সিদ্দিকের চোখ ঢাকা-১৭’র মতো ভিআইপি আসনের দিকে।

(এইদিনএইসময়/২২মে/তাবী)

সর্বশেষ নিউজ