প্রাথমিক শিক্ষার গুণগত ও কাঠামোগত রূপান্তর নিশ্চিত করতে ১৫ বছর মেয়াদি একটি সমন্বিত জাতীয় কৌশলগত রূপরেখা প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, প্রাথমিক শিক্ষার সংস্কার হতে হবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, গবেষণা, তথ্য-প্রমাণ ও বাস্তব অভিজ্ঞতানির্ভর।
বুধবার (১৭ নভেম্বর ২০২৬) গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট (বিসিডিএম)-এ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ন্যাশনাল ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি ফ্রেমওয়ার্ক’ শীর্ষক স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কর্মশালার মূল আলোচনা ও প্রতিমন্ত্রীর নির্দেশনাসমূহ:
-
দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা নির্ধারণ: প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ে ১৫ বছর মেয়াদি একটি ফ্রেমওয়ার্ক প্রণয়নের পাশাপাশি ৩, ৫, ৭ ও ১০ বছর মেয়াদি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। যাতে প্রতিটি পর্যায়ে শিক্ষার্থীদের প্রকৃত শিখন-অগ্রগতি মূল্যায়ন এবং গৃহীত উদ্যোগের কার্যকারিতা পরিমাপ করা সম্ভব হয়।
-
‘লার্নিং হ্যাপিনেস’ ও আনন্দময় শিক্ষা: প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য কেবল বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা নয় উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি শিশুর প্রকৃত শিখন, আনন্দময় শিক্ষা এবং নৈতিক ও মানবিক বিকাশ নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী ঘোষিত ‘লার্নিং হ্যাপিনেস’-এর ধারণাকে সামনে রেখে পাঠ্যক্রম, শ্রেণিকক্ষের কার্যক্রম, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও নৈতিক শিক্ষাকে সমন্বিতভাবে বিবেচনা করতে হবে।
-
বৈষম্য দূরীকরণ ও বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা: সরকারি ও বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মান ও সুযোগের ব্যবধান কমাতে সমন্বিত মানদণ্ড তৈরির ওপর জোর দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের শিখন ঘাটতি নিরূপণ, পুষ্টি, অবকাঠামো, শ্রেণিকক্ষের পরিবেশ, স্যানিটেশন এবং প্রযুক্তিনির্ভর তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে মনিটরিং ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
-
নতুন নামকরণের ঘোষণা: প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫)-এর নতুন নামকরণের ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী জানান, এর নতুন নাম হতে যাচ্ছে ‘সবার আগে প্রাথমিক শিক্ষা: জাতীয় রূপান্তর কর্মসূচি-১’ (Primary Education Before All: National Transformation Programme-1; PEBA: NTP-1)। প্রাথমিক শিক্ষাকে জাতীয় উন্নয়নের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান। এছাড়া মন্ত্রণালয় ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন।

