গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ফারুক খানের নির্দেশনা রয়েছে বলে অভিযোগ করেছেন মোসাদ্দিক।
বুধবার (১৮ নভেম্বর) রাতে একদল ব্যক্তি তার গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আগুনে বাড়ির একাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ ঘটনার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে আবারও বাড়িটিতে হামলা ও ভাঙচুর চালানো হয়। তবে হামলার আগেই পরিবারের সদস্যরা অন্যত্র সরে যাওয়ায় কেউ হতাহত হননি।
মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, আমার বাড়িতে হামলার ঘটনাটি সাবেক সংসদ সদস্য ফারুক খানের নির্দেশে হয়েছে। গতকাল রাতে আগুন দেওয়ার পর আজ সকালেও বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। তবে আমার পরিবারের সদস্যরা নিরাপদে রয়েছেন হামলার সময় প্রচণ্ড বৃষ্টি থাকায় তুলনামূলক কম ভাঙচুরের সুযোগ পেয়েছে হামলাকারীরা বলেও জানান তিনি।
এদিকে, নিজের ফেসবুক স্ট্যাটাসে মোসাদ্দিক লেখেন, ‘আমার গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে লীগের সন্ত্রাসীরা।’
এ ঘটনার নিন্দা জানিয়ে ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, ডাকসুর সাহিত্য সম্পাদক ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট লীগের সন্ত্রাসীরা। গতকাল গভীর রাতে মোসাদ্দিকের ফুফুর বাড়িতেও কাপুরুষের মতো আগুন দিয়েছে এই সন্ত্রাসী বাহিনী।
তিনি আরও বলেন, ‘আগস্টে পালিয়ে যাওয়া দেশের শত্রুরা আবারও নতুন হিংস্রতা নিয়ে ফিরে এসেছে। চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ ঘোষণা করেছে তারা। এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে বাংলাদেশের জনগণ, ইনশাআল্লাহ।’

