প্রবাস থেকে দেশে ফিরেই ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন এক যাত্রী। মুহূর্তেই ছিনিয়ে নেওয়া হয় তাঁর স্মার্টফোন, পকেট থেকে খোয়া যায় ১০ হাজার টাকা। তবে আনসার সদস্যদের তৎপরতায় পালানোর আগেই আটক হন চক্রের এক নারী সদস্য। উদ্ধার করা হয় প্রবাসী যাত্রীর স্মার্টফোন।
শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে সৌদি আরব থেকে আগত প্রবাসী যাত্রী মোঃ সুমন মিয়া বিমানবন্দরের ক্যানোপি-০২ এলাকায় মালামাল রেখে ডলার ভাঙাতে ভেতরে যান। ফিরে এসে সেখানে অবস্থানরত তিনজন নারীকে তাঁর কাছে সাহায্য চাইতে দেখেন। তিনি সাহায্য করতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে একজন কৌশলে তাঁর পকেট থেকে ১০ হাজার টাকা চুরি করে এবং অন্যজন তাঁর হাত থেকে স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।
ভুক্তভোগী যাত্রীর চিৎকার শুনে ক্যানোপি-০২ এলাকার দায়িত্বপ্রাপ্ত সহকারী ইনচার্জ এপিসি মোঃ মতিয়ার রহমান দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরবর্তীতে এলাকার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ পিসি মোঃ আনিছ এবং মহিলা আনসার সদস্য ফারজানা বেগম ও মোছাঃ কমলা আক্তারের তাৎক্ষণিক তৎপরতায় অভিযুক্ত চক্রের একজন সদস্য মোছাঃ পাখি (২২)-কে হাতেনাতে আটক করা হয়। এ সময় অপর দুই নারী টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আটক নারীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
দেশের প্রধান প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও বহির্গমনকারী যাত্রীদের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দিন-রাত অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করছেন। বিমানবন্দরে যেকোনো অপরাধ প্রতিরোধে বাহিনীর সদস্যদের এ ধরনের তাৎক্ষণিক ও দায়িত্বশীল পদক্ষেপ অব্যাহত থাকবে।

