কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার বিকাল ৩টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলামের নেতৃত্বে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কোর্ট এলাকা ও রায়সাহেব বাজার মোড় হয়ে ধোলাইপাড়ে গিয়ে শেষ হয়। মিছিল থেকে আওয়ামী লীগের নৈরাজ্য, সহিংসতা ও অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আসাদুজ্জামান আসলাম বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা জনগণ মেনে নেবে না। দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা হলে যুবসমাজ ও জনগণ ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ জানাবে।
তিনি বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ জন্য যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আসলাম আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে সচেতন নাগরিক, যুবসমাজ ও সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

