মেলান্দহের হাজরাবাড়ীতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

জামালপুর প্রতিনিধি
spot_img
spot_img

আওয়ামী লীগের বিরুদ্ধে হত্যা, জ্বালাও-পোড়াও, নাশকতা এবং গণতন্ত্র ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে হাজরাবাড়ী পৌরসভা এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের সমর্থকেরা অংশ নেন।

মিছিলটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের অভিযোগের প্রতিবাদ জানান।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তালাত মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এমপি।

মোস্তাফিজুর রহমান বাবুল এমপি বলেন, দেশে গণতন্ত্র ও স্থিতিশীলতা রক্ষায় নাশকতা এবং দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। ২০২৪ সালের আগস্ট মাসে জনতার রোষের মুখে দেশকে ধ্বংস করে এবং দলীয় নেতাকর্মীদের দিশেহারা রেখে আত্মীয়স্বজন নিয়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এখন রাজনীতিতে নতুন তকমা তৈরি করে বলা হচ্ছে, তিনি নাকি ডিসেম্বরে দেশে আসবেন। কিন্তু রাজনীতির ভাষায় পরিষ্কার বলতে চাই, সেই নেত্রী আর বাংলাদেশে ফিরবেন না, ফিরতে পারেন না।

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরার নাটক সাজিয়ে সারা দেশে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা আগুন জ্বালিয়ে ও সন্ত্রাস সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণ এই অপচেষ্টা কখনোই মেনে নেবে না।

বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন, মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নুরুল আলম সিদ্দিক, সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল কবির মঞ্জু, সাংবাদিক সম্পাদক নূর নবী মন্ডল প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ নিউজ