‘নগর বাউল’খ্যাত জেমসের কনসার্ট হয়ে গেল গত রবিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকার আমাজুরা হলে। আর সেই কনসার্টের কারণে নিউইয়র্কের রাস্তায় চোখে পড়ে তীব্র যানজট। দর্শক-শ্রোতাদের চাপ সামলাতে পুলিশ, সিরিউরিটিকেও হিমশিম খেতে হয়েছিল। যুক্তরাষ্ট্র থেকে বিষয়টি গণমাধ্যমকে জানান কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি।
তিনি বলেন, আমার দেশের কোনো শিল্পীর আগমনে যখন বিদেশের মাটিতে ট্র্যাফিক জ্যাম তৈরি হয়। পুলিশ সিরিউরিটিকে হিমশিম খেতে হয়, ভিড় সামলাতে তাদের নাজেহাল হতে হয়- তখন তা ছিল আমার কাছে অবিশ্বাস্য। রবিবার নিউইয়র্কে হয়ে গেল নগরবাউল জেমসের শো। জ্যামাইকার অ্যামাজুরা হলের পুরো এলাকা যেন হয়ে উঠেছিল একটা জেমসময় বাংলাদেশ। মানুষের দীর্ঘ লাইন আর গাড়ির ভিড় সামলাতে ব্যস্ত ছিল নিউইয়র্ক সিকিউরিটি।
তিনি আরও বলেন, কিছুদিন আগেও আমি স্বপ্ন দেখতাম অন্য দেশের শিল্পীদের মতো আমাদের দেশের কোনো শিল্পী যদি এভাবে সবাইকে অবাক করে দিতে পারত। রবিবার তাই ঘটেছিল। আমি গর্বিত, আমাদের জেমসকে ভালোবেসে মানুষের স্রোতে নিউইয়র্কের একটি এলাকা উত্তাল হয়ে উঠে। একেই বলে আমার দেশ, আমার গান, আমাদের গর্ব আর জেমস। জেমস ভাই আপনি আমাদের অহংকার।
আয়োজক প্রতিষ্ঠান শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম জানান, প্রায় পাঁচ বছর পর নিউইয়র্ক মাতাতে আসেন জেমস। তাই বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এই কনসার্টে দর্শক এসেছেন। বিপুল দর্শকের কারণে তাদের হিমশিম খেতে হয়েছে।
(এইদিনএইসময়/০৬জুন/এলএ)

