রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী আইনজীবী নিহত

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নারী আইনজীবী নিহত হয়েছেন।

রোববার দুপুর পৌনে ১২টার দিকে যাত্রাবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আইনজীবীর নাম পারভিন সুলতানা (৫৫)। একই ঘটনায় মোটরসাইকেলচালক শাখাওয়াত হোসেন আহত হন। তারা সম্পর্কে আত্মীয়।

পারভিন রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজার এলাকার মোহন দাস লেনের কাগজিটোলা এলাকায় থাকতেন। তার বাবার নাম আবুল হোসেন।

পুলিশ জানায়, পারভিন সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। তবে তিনি ঢাকার বিচারিক আদালতেও আইন পেশার চর্চা করতেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, এই ঘটনায় লাভলী পরিবহন নামে বাসচালককে আটক করা হয়েছে। বাসটি জব্দ করেছে পুলিশ। নিহত আইনজীবীর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

পারভিনের বড় ভাই ফরিদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, তার বোন ভাতিজা শাখাওয়াতকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের আদালতে গিয়েছিলেন। সেখানে পারিবারিক জমি-সংক্রান্ত মামলা রয়েছে। তিনি এই মামলার বাদী ছিলেন। কাজ শেষে ফেরার পথে দুজন সড়ক দুর্ঘটনার শিকার হন।

(এইদিনএইসময়/১৬জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ