এক মাসেরও বেশি সময় মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় নায়ক শাকিব খান। বৃহস্পতিবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।
এর আগে গত ঈদে দেশের প্রেক্ষাগৃহে শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির পর গত জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায় সিনেমাটি। সেখানে বেশ ভালোই দর্শক টেনেছে এই সিনেমা। সিনেমাটির মুক্তি উপলক্ষেই দেশটিতে গিয়েছিলেন তিনি।
বিমানবন্দর থেকে বের হয়ে সাংবাদিকদের শাকিব খান বলেন, প্রিয়তমার যে সাফল্য একটা কথাই বলব, যেটা আমি সবসময় চাই, আমাদের সিনেমাও পৃথিবীর উন্নত কোনো দেশে মাল্টিপ্লেক্সে অফিশিয়ালি হলিউড-বলিউড সিনেমার পোস্টারের সঙ্গে থাকবে। সেখানে আমাদের সিনেমাও খুব দাপিয়ে বেড়াবে। এবার প্রিয়তমায় কিন্তু সেই ব্যাপারটাই হয়েছে।
তিনি বলেন, প্রিয়তমা এমন একটি সিনেমা যেটা শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীময়- আমেরিকা, কানাডা, লন্ডন, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে প্রিয়তমার যে জোয়ার বইছে, যে ভালোবাসা দেখাচ্ছে- সেটি বাংলা সিনেমার জন্য নতুন পথ উন্মোচন হলো।
এর আগে শাকিব খান বিমানবন্দরে ভিাআইপি টার্মিনাল পেরিয়ে বাইরে বের হলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
এর আগে গত ২ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। এর প্রায় দুই সপ্তাহ পর ছেলে জয়কে নিয়ে সেখানে উড়াল দেন অভিনেত্রী অপু বিশ্বাস। নায়িকার যুক্তরাষ্ট্রে যাওয়ার পরই একসঙ্গে ঘুরতে দেখা যায় তাদের।
(এইদিনএইসময়/১০আগস্ট/এলএ)

