রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিবাদ থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ।
২৭ সেপ্টেম্বর (রবিবার) নিউগ্রিনি প্রপার্টিজে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহিদুল ইসলাম।
তিনি জানান, ২৬ সেপ্টেম্বর (শনিবার) গভীর রাতে একদল লোক দলবদ্ধভাবে এসে নিউগ্রিনি প্রপার্টিজে ভাঙচুর চালায়। খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকেই দুজনকে আটক করে। পরবর্তীতে রাতে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তিনজন হলো— গফরগাঁওয়ের মামুন, টাঙ্গাইলের অটোচালক আসলাম এবং ভাসানটেক বস্তির মুন্না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই পুলিশ কর্মকর্তা বলেন, পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তবে চাঁদাবাজির কোনো তথ্য এখনও পুলিশের কাছে আসেনি। এটি মূলত একটি হাউজিং বিজনেসের জমি সংক্রান্ত অভ্যন্তরীণ কোন্দল কিংবা দখল-বেদখল কেন্দ্রিক বিবাদ বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। ঘটনার পেছনে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

