বাল্যবিয়ে প্রতিরোধ এবং সমাজে ইতিবাচক জেন্ডার-ভিত্তিক রীতিনীতি প্রতিষ্ঠায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
২৭ সেপ্টেম্বর (রবিবার) শহরের উন্নয়ন সংঘ ডিটিআরসি হলরুমে ইউএনএফপিএ, একশনএইড বাংলাদেশ ও বেইস-এর যৌথ উদ্যোগে এ কর্মশালার উদ্বোধন করা হয়। নেদারল্যান্ডসের আর্থিক সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় জামালপুর জেলা ও চার উপজেলার ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তর জামালপুরের উপপরিচালক কামরুন্নাহার প্রধান অতিথি হিসেবে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, বাল্যবিয়ে প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনী ও সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে একশনএইড, ইউএনএফপিএ ও বেইস-এর উর্ধ্বতন কর্মকর্তারাও বক্তব্য দেন।
কর্মশালার প্রথম দিনে জেন্ডার বৈষম্য, বিয়ে নিবন্ধনে আইনি প্রয়োগ, কিশোরী গর্ভধারণ এবং শ্রমশক্তিতে নারীর অবস্থানসহ নানা সামাজিক সূচক নিয়ে আলোচনা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই আয়োজনের মাধ্যমে সাংবাদিকরা জেন্ডার-সংবেদনশীল সংবাদ উপস্থাপনের কৌশল আয়ত্ত করে সমাজে ইতিবাচক ভূমিকা রাখবেন।

