জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তিতে ‘উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)’ পদের শিক্ষাগত যোগ্যতা সরকারি আদেশের পরিপন্থী দাবি করে তা সংশোধনের মাধ্যমে পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)।
২৮ সেপ্টেম্বর (সোমবার) আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহবায়ক প্রকৌশলী মোঃ কবীর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কাছে এ দাবি জানানো হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, জাবির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ১০ নম্বর ক্রমিকে ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী পদের জন্য ডিপ্লোমাধারীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। এটি মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৯৯৪ সালের প্রজ্ঞাপন এবং অর্থ মন্ত্রণালয়ের ১৯৭৮ সালের নির্দেশনার সুস্পষ্ট ব্যত্যয়, যেখানে উপ-সহকারী প্রকৌশলী পদটি এককভাবে কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদধারীদের জন্য নির্ধারিত।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের কারণে দেশের ৮ লাখ ডিপ্লোমা প্রকৌশলী ও ৪ লাখ শিক্ষার্থী চরম ক্ষুব্ধ ও হতাশা প্রকাশ করেছেন। অবিলম্বে বিতর্কিত অংশটুকু সংশোধন করে কেবল ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য পদটি সুনির্দিষ্ট করার আহ্বান জানিয়েছে সংগঠনটি; অন্যথায় সমগ্র প্রকৌশল অঙ্গনে অসন্তোষ ছড়িয়ে পড়তে পারে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে।

