পবিত্র ঈদুল আজহার দিন (বৃহস্পতিবার) সকাল থেকে মুষলধারে রাজধানীতে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মাথায় নিয়েই মুসল্লিরা ঈদগাহে যান।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ঈদের দিন বৃহস্পতিবার দুপুরের পর ফাঁকে ফাঁকে রোদ উঠতে পারে। সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম। এছাড়া অন্যত্র বৃষ্টির সম্ভাবনা আছে।
প্রতিনিধিদের পাঠানো খবর-
কুমিল্লা: কুমিল্লায় ভোর সাড়ে ৪টার দিকে বৃষ্টি থেমেছে, তবে সকালের আকাশ মেঘলা রয়েছে।
বগুড়া: বগুড়ায় রাত আড়াইটার দিকে বৃষ্টি শুরু হয়ে ভোর পর্যন্ত হয়েছে, এখন নেই। আকাশ এখনও মেঘলা, যেকোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে।
ব্রাহ্মণবাড়িয়া: সকাল সাড়ে ৬টার দিকে শেষ হয়। রাতে ছেড়ে ছেড়ে ঘণ্টাখানেকের মতো বৃষ্টি হয়েছে।
ভাঙ্গা (ফরিদপুর): সারারাত অঝোরে বৃষ্টি ছিল, তবে সকালে তার চেয়ে একটু কম। ঈদগাহ ময়দানে নামাজে দাঁড়ানোর অবস্থা নেই।
বাঘারপাড়া (যশোর): সকাল থেকে তুমুল বৃষ্টি হচ্ছে।বুধবারও যেমন বৃষ্টি ছিল, আজও এক ধারায় বর্ষণ চলছে।
মিরপুর (কুষ্টিয়া): এদিকে বৃষ্টি নেই, তবে আকাশে মেঘ অনেক। বৃষ্টির সম্ভাবনা আছে মনে হচ্ছে।
(এইদিনএইসময়/২৯জুন/এলএ)

