প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে অংশ নিতে মুসল্লিদের ঢল নামে।
বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৯টায় জামাত শুরু হয়। নামাজ শেষে দেশ, জনগণ ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
১৯৬তম ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ।
এদিকে, শোলাকিয়ায় ঈদের জামাতে অংশ নিতে দূরের যাত্রীদের জন্য শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে বাংলাদেশ রেলওয়ে। ঈদের দিন সকাল থেকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ ও কিশোরগঞ্জ-ভৈরব রুটে এ দুটি ট্রেন চলাচল করছে।
জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ জানান, পুলিশের চারটি নিরাপত্তা চৌকি পার হয়ে প্রবেশ করতে হয় ঈদগাহে। সিসি ক্যামেরায় মনিটর করা হচ্ছে মাঠের ভেতর ও চারপাশ। মাঠের চারপাশে রয়েছে ছয়টি ওয়াচ টাওয়ার। চারটি শক্তিশালী ড্রোন ক্যামেরা পর্যবেক্ষণ করছে চারপাশ। পোশাকি বাহিনীর পাশাপাশি গোপনে নজরদারি করছে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন।
জানা গেছে, ১৮২৮ সালে শোলাকিয়া মাঠে ১ লাখ ২৫ হাজার বা সোয়া লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া,’ যা এখন শোলাকিয়া নামে পরিচিত।
(এইদিনএইসময়/২৯জুন/এলএ)

