ঈদের নামাজ শেষে বিশেষ মোনাজাতে স্বদেশ প্রত্যাবর্তনের আকুতি রোহিঙ্গাদের

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঈদুল আজহার নামাজ শেষে বিশেষ মোনাজাতে আল্লাহর কাছে স্বদেশ প্রত্যাবর্তনের আকুতি জানিয়েছেন কক্সবাজারের উখিয়া-টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। এসময় নিজ দেশের মাটিতে দাফন করা স্বজন ও ২০১৭ সালের নিপীড়নে নিহতদের স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন তারা।

নামাজ শেষে রোহিঙ্গারা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। এরপর গরু কোরবানিতে যোগ দিয়ে ভাগ-বণ্টন করেন তারা।

বৃহস্পতিবার সকাল ৮টা হতে ভিন্ন ভিন্ন সময়ে উখিয়া-টেকনাফের শরণার্থী ক্যাম্পে ছোট-বড় মসজিদে পবিত্র ঈদুল আজাহার নামাজ আদায় করেন রোহিঙ্গারা।

সকাল থেকে রোহিঙ্গা ক্যাম্পের কিছু অংশে বেলুন আর ঈদ মোবারক লেখা ব্যানারে গেট দিয়ে রং-বেরঙে সাজানো হয়েছে। এসব ক্যাম্পে কিশোর-কিশোরী ও শিশুরা সকাল থেকেই সেজেগুজে, নতুন জামা-কাপড় পরে রাস্তায় হৈ-হুল্লোড় আর আনন্দে মেতে ওঠে। অনেক যুবক ও বয়স্করাও নতুন জামা, গেঞ্জি, লুঙ্গি, পাঞ্জাবি, মাথায় টুপি ও চশমা পরে দলবেঁধে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।

শালবাগান ক্যাম্পর রোহিঙ্গা নেতা বদরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শরণার্থী জীবন কঠিন। নিজ দেশে থাকতে আমরা গরু কোরবানি দিতে পেরেছি। শরণার্থী হয়ে আসার পর আমরা সেই আগের মতো কোরবানি করতে পারি না। গত বছর কোরবানি ঈদে ২৬-২৭ নম্বর ক্যাম্পে দাতাসংস্থার পক্ষ থেকে কোরবানির সময় গরু দিলেও এবার কোনো সংস্থার পক্ষ থেকে আমরা গরু বা ছাগল পাইনি। দিন দিন দাতা সংস্থার পক্ষ থেকে খাদ্যসহায়তা কমিয়ে ফেলেছে। আমরা আর শরণার্থী হয়ে থাকতে চাই না, আমরা মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে নিজ দেশে ফিরতে চাই। ঈদুল আজহার নামাজ শেষে ক্যাম্পে বিশেষ মোনাজাতের মাধ্যমে সে দোয়া কামনা করা হয়েছে।

টেকনাফ চাকমারকুল ক্যাম্পের রোহিঙ্গা নেতা আজিজুল হক বলেন, শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ঈদের নামাজ শেষে দোয়ায় মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে যেন স্বদেশ ফেরত যেতে পারি- সেই কামনা করেছি।

উখিয়ার শরণার্থী শিবিরের রোহিঙ্গা নেতা ডা. জুবায়ের বলেন, আমরা মিয়ানমারের আরকান রাজ্যে বিভিন্ন আয়োজনের মাধ্যমে প্রতি বছর ঈদ উৎযাপন করতাম। একে-অপরের বাড়িতে যেতাম, নিজেরা কোরবানির গরু কিনে তা জবাই করে গরিব অসহায়সহ স্বজনদের কাছে মাংস-রুটি পাঠাতাম। এখন শরণার্থী হয়ে অন্যের সাহায্য নিয়ে আমরা ঈদ উৎযাপন করলাম।

এ সময় তিনি বিশ্বনেতাসহ মিয়ানমার সরকারের উদ্দেশ্যে বলেন, আমাদের জাতীয় পরিচয়পত্র এবং নাগরিকত্ব, নিজের বসবাসের বাড়িঘর ও জমি, সম্পত্তি ফেরত, জীবিকা ও চলাচলের অধিকার, নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সময়ে প্রত্যাবাসন প্রক্রিয়ার মাধ্যমে নিজ দেশ মিয়ানমারের ফেরার সুযোগ দিন। স্বদেশের ফেরার আকুতি কবুলে ঈদের নামাজ শেষে বিশেষ দোয়া কামনা করা হয়।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক আহমেদ বলেন, শান্তিপূর্ণভাবে রোহিঙ্গা ক্যাম্পে ঈদের নামাজ সম্পন্ন হয়েছে। ক্যাম্পে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক দৃষ্টি রয়েছে।

(এইদিনএইসময়/২৯জুন/এলএ)

সর্বশেষ নিউজ