গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের চাপায় প্রাইভেটকারের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সংঘর্ষের সময় বাসটি প্রাইভেটকারের ওপরে উঠে যায়।
শুক্রবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কে পৌরশহরের পান্থাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফেনীর ফুলগাজী থানার দামুড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আবুল বাশার (৬০) ও কারচালক ঢাকার শ্যামপুর দনিয়া এলাকার হক মিয়ার ছেলে মিজান (৪০)।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, সকাল ৬টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এটি এতোটা ভয়াবহ ছিল যে, বাসটি প্রাইভেটকারের ওপরে উঠে যায়। এতে প্রাইভেটকারের চালকসহ তাতে থাকা এক যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান, মরদেহ দুটি থানায় আছে। তাদের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত বাস ও কারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
(এইদিনএইসময়/৩০জুন/এলএ)

