টঙ্গীতে বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

গাজীপুর প্রতিনিধি
spot_img
spot_img

গাজীপুরের টঙ্গীতে বাসচাপায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর বনমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসচালক কৌশলে পালিয়ে গেলেও সহকারী (হেলপার) দ্বীন ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

নিহত শিক্ষার্থী সুহাদ মাহমুদ ফাহিম (২৩) সরকারি তিতুমীর কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের (ফিন্যান্স ও ব্যাংকিং) শিক্ষার্থী। তিনি শরীয়তপুর জেলার পালং থানার সোনামুখী গ্রামের মোশারফ হোসেনের ছেলে। পরিবারের সঙ্গে টঙ্গীর দত্তপাড়া শান্তিবাগ এলাকায় বাস করতেন।

পুলিশ জানায়, সকালে ঢাকার উদ্দেশ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বনমালা সড়কের মাথায় বাসস্ট্যান্ডে আসেন ফাহিম। এ সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জলসিঁড়ি পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৫৫৯৫) একটি বাসে উঠতে গিয়ে সড়কে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(এইদিনএইসময়/১৩জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ