ইতালি যাওয়ার চেষ্টা, পুলিশের তল্লাশিতে ছাদ থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
spot_img
spot_img

দুবাই ও লিবিয়া হয়ে ইতালি যাওয়ার স্বপ্ন ছিল নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের গোলাম আজিম রুবেলের (২৪)। নিজের স্বপ্নে দেশের যাওয়ার জন্য লিবিয়ার বেনগাজি শহরে অপর ৭ বাংলাদেশির সাথে অবস্থান করেন রুবেল। কিন্তু শেষ স্বপ্ন পূরণ হলো না রুবেলের, ইতালি যাওয়ার আগে লিবিয়া পুলিশের তল্লাশি অভিযানের সময় পালাতে গিয়ে দুই তলা ভবনের ছাদ থেকে পড়ে মারা যান তিনি।

বৃহস্পতিবার সকালে রুবেলের সাথে থাকা তার আত্মীয় পারভেজ ছাদ থেকে পড়ে রুবেলের মৃত্যুর বিষয়টি মোবাইলে রুবেলের পরিবারকে জানিয়েছেন। এর আগে বাংলাদেশ সময় বুধবার গভীর রাতে বেনগাজি শহরের একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহত গোলাম আজিম রুবেল নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব লামছি প্রসাদ গ্রামের মজিদের হাট এলাকার গোলাম কিবরিয়ার ছেলে। ৪ ভাই ও ২ বোনের মধ্যে রুবেল ছিলেন তৃতীয়।

নিহত রুবেলের বাবা গোলাম কিবরিয়া জানান, দেশে চাকরি না পাওয়ার কারণে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে রুবেল। প্রথমে সে সৌদি আরব যাবে এমন সিদ্ধান্ত হলেও পরবর্তীতে ইতালি যাবে বলে সে মনোস্থির করে। পরিবারের ইচ্ছে না থাকলেও নিজের জীবন-জীবিকার কথা চিন্তা করে গত ৮ মাস আগে দুবাই এর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় রুবেল। দুবাই গিয়ে কয়েকদিন থাকার পর সেখান থেকে লিবিয়া যায় সে। ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে রুবেলের সাথে নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের আরও ৩ যুবক ছিল। তারা মোট ৮ জন ইতালি যাওয়ার জন্য লিবিয়ার বেনগাজি শহরের একটি বাসায় অবস্থান করে।

তিনি আরও জানান, গত দেড় মাস আগে বেনগাজি শহরের ওই বাসায় লিবিয়া পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে রুবেলসহ তাদের কয়েকজনকে আটক করে। পরবর্তীতে টাকা দিয়ে তারা ছাড়িয়ে নিয়ে আসে। বুধবার রাতে আবার লিবিয়া পুলিশ ওই বাসায় তল্লাশি চালালে রুবেলসহ সবাই বিভিন্ন স্থানে পালানোর চেষ্টা করে। রুবেল দুই তলা ভবনটির ছাদে গিয়ে পাশের সিলিং ধরে ঝুলে থেকে পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করে। কিছুক্ষণ ঝুলে থাকার পর নিচে পড়ে গিয়ে মারা যায় রুবেল।

রুবেলের ফুফাতো ভাই রবিন জানান, লিবিয়ায় থাকা রুবেলর চাচা ও চাচাতো ভাইদের সহযোগিতায় তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে রয়েছে। রুবেলের মৃতদেহ দেশে আনতে তার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেছেন।

(এইদিনএইসময়/১৪জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ