ঝালকাঠির সদরের ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুও আছে।
বাসের মধ্যে আরও যাত্রী থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (২২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি।
স্থানীয় কয়েকজন জানান, ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ছত্রকান্দা এলাকায় আসার পর একটি অটোরিকশাকে পাশ কাটাতে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। সকাল পৌনে ১১টার দিকে ১০ জনের মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছিলেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার (এসপি) আফরুজুল হক টুটুল।
গণমাধ্যমকে এসপি জানিয়েছেন, সকাল পৌনে ১১টা পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ২০ জনকে।
আধা ঘণ্টা পর সর্বশেষ তথ্য জানতে যোগাযোগ করা হলে পুলিশ সুপার ফোন ধরেননি। তখন যোগাযোগ করা হয় সিভিল সার্জন ডা. জহিরুলের সঙ্গে। গণমাধ্যমকে সিভিল সার্জন ১৪ জনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত গনমাধ্যমকে বলেন, আরও কেউ বাসের মধ্যে আছেন কি না তা দেখতে এখনো তল্লাশি চালানো হচ্ছে।
বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি। ক্রেন দিয়ে গাড়িটি তোলার চেষ্টা করছে পুলিশ।
(এইদিনএইসময়/২২জুলাই/২০২৩)

