চট্টগ্রামের সীতাকুণ্ডে কিশোর গ্যাং অপরাধী বহনকারী একটি বাসের সাথে কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশসহ আহত হয়েছেন আটজন।
সোমবার দুপুর দেড়টার দিকে ফৌজদারহাট বায়েজিদ লিংক রোডের (বাইপাস) মুখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কাভার্ডভ্যান ও বাস বার আউলিয়া হাইওয়ে থানায় আটক আছে।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম কারাগার থেকে ২৩ জন কিশোর গ্যাং আসামি নিয়ে ঢাকা গাজীপুর কারাগারের উদ্দেশ্যে রওনা হয় একটি বাস। ফৌজদারহাট ট্রাফিক পুলিশ বক্স অতিক্রম করার সময় বায়েজিদ লিংক রোড থেকে একটি কাভার্ডভ্যান এসে আসামি বহনকারী বাসটিকে ধাক্কা দেয়। এতে তিনজন পুলিশসহ আহত হন আটজন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর এইদিন এইসময়কে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। গাড়ি দুটি আটক আছে।
(এইদিনএইসময়/২৫জুলাই/এলএ)

