নড়াইল সদরের গোবরা বাজার এলাকায় নসিমন দুর্ঘটনায় গরু ব্যবসায়ী সোহেল শেখ (৫০) নিহত হয়েছেন। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল খুলনার দিঘলিয়া থানা সদরের বাসিন্দা। এ দুর্ঘটনায় নসিমনচালক মাহমুদুল হাসান (৪০) সামান্য আহত হন।
চালক মাহমুদুল হাসান জানান, তার নসিমনে প্রতিবেশী গরু ব্যবসায়ী সোহেল শেখ খুলনার দিঘলিয়া থেকে গাভী নিয়ে নড়াইলের ধোপাখোলা এলাকায় আসছিলেন। পথে গোবরা বাজার এলাকায় আরেকটি নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সোহেল শেখ নিহত হন। চালক মাহমুদুল সামান্য আহত হন। দুর্ঘটনার পর নসিমন এবং গাভী ঘটনাস্থলেই রয়েছে। অপর নসিমনের তেমন কোনো ক্ষতি হয়নি।
সদর থানার ওসি ওবাইদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
(এইদিনএইসময়/২৬জুলাই/এলএ)

