সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে এসির কাজ করার সময় ভবনের তৃতীয় তলা থেকে নিচে পড়ে মো. সাখাওয়াত হোসেন (২১) নামে চট্টগ্রামের বোয়ালখালীর এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের মামা মিজানুর রহমান বাপ্পী জানান, বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ এলাকার একটি দালানে তৃতীয় তলায় এসি মেরামতের কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে যান। এতে সাথে সাথে তার মৃত্যু হয়।
প্রবাসী পিতা মোহাম্মদ আবদুস সালামের বরাত দিয়ে তিনি জানান, সাখাওয়াতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বাবা। বর্তমানে তার মরদেহ দুবাই পুলিশের হেফাজতে রয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে তার বাবার কাছে লাশ হস্তান্তর করা হবে বলেও জানান।
নিহত সাখাওয়াত কড়লডেঙ্গা ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের তালুকদারপাড়া প্রবাসী মোহাম্মদ আব্দুস সালামের বড় ছেলে। বর্তমানে তিনি দুবাই শহরে জীবিকার তাগিদে বাবার সাথে থাকতেন।
(এইদিনএইসময়/৩১জুলাই/এলএ)

