নোয়াখালীর সদর উপজেলায় দুটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চালকসহ অনন্ত ২৬ জন আহত হয়েছেন।
আহতরা জানান, জেলা শহর মাইজদীতে শোক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সকালে সুবর্ণচর থেকে বাসযোগে মাইজদী আসার পথে এ দুর্ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নে সোনাপুর-চরজব্বার সড়কের উত্তর ওয়াপদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে ২০ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, এদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জেলার সুবর্ণচর থেকে মাইজদীর উদ্দেশ্যে সুগন্ধা সার্ভিসের একটি বাস ছেড়ে আসে। বাসটি সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা লাল সবুজ পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে সুগন্ধা বাসের অনন্ত ২৬ জন যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এইদিনএইসময়/১৫আগস্ট/এলএ)

