অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যু ঘিরে বিনোদনপাড়া, সামাজিক যোগাযোগঅমাধ্যম- সবখানেই আলোচনা চলছে।
হিমুর মৃত্যুর পর যে নামটি সোশ্যাল মিডিয়ায় আলোচনায় রয়েছে, সেটি হলো তার পালিত ভাই তথা মেকআপম্যান মিহির। হিমুর মৃত্যুর সময় প্রেমিক জিয়াউদ্দিন রুফি ছাড়াও সেখানে মিহিরও ছিলেন। মৃত্যুর পর হাসপাতালেও নিয়ে যান তারা দুজন।
পরবর্তীতে হিমুর মৃত্যুর ঘটনায় তার প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফি ওরফে উরফি জিয়াকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে হিমুর মৃত্যুর সময় সেখানে উপস্থিত ছিলেন তার মেকআপম্যান মিহির। হিমুর মৃত্যু ঘিরে মিহিরকে নিয়েও সামাজিক মাধ্যমে নানা আলোচনা- সমালোচনা চলছে।
অবশেষে আজ রোববার হিমুর মৃত্যু নিয়ে ফেসবুক লাইভে এসে কথা বলেছেন সেই মেকআপম্যান মিহির। এতে হিমুর বাসায় প্রেমিকের উপস্থিতি, মৃত্যুর সময়কার ঘটনা ও নিজের ভূমিকা নিয়ে কথা বলতে শোনা যায় মিহিরকে। ভিডিওটি ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
মিহির মোমোন রিয়াল নামের ফেসবুক আইডি থেকে রোববার সকাল সাড়ে ৯টার দিকে লাইভ সম্প্রচার করা হয়। ভিডিওতে নিজেকে হিমুর মেকআপম্যান হিসেবে পরিচয় দিয়েছেন মিহির। ১০ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওর শুরুতেই মিহির তার মানসিক অবস্থার কথা তুলে ধরেন।
তিনি বলেন, হিমুর মৃত্যুর পর তাকে (মিহির) জড়িয়ে ফেসবুকে অনেকে বিরূপ মন্তব্য করছেন। এগুলো তাকে মানসিক যন্ত্রণা দিচ্ছে। তিনি নিজে কোনো অপরাধ করেননি। কোথাও পালিয়েও যাননি। বরং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে হিমুর স্বজনদের সাহায্য করেছেন। ভিডিওর একপর্যায়ে হিমুর উত্তরার বাসায় প্রেমিকের উপস্থিতির প্রসঙ্গ তোলেন মিহির।
মিহির বলেন, ‘হিমুর সাথে কোনো কিছু হইছে। দুর্ভাগ্যবশত আমি তা দেখতে পারি নাই। অন্য রুমে ঘুমায়ে ছিলাম। তবে ওর বয়ফ্রেন্ড ছিল রুমে। আমি ধারণাও করিনি ও হিমুর সাথে ঝগড়া করবে বা খুনোখুনি হয়ে যাবে, মারামারি হবে। ’
মিহির আরও বলেন, ‘ও (বয়ফ্রেন্ড) যখন আমাকে ঘুম থেকে ডেকে তুলে দেখাইছে, তখন আমি তাকে প্রশ্ন করছিলাম, আপনি রুমে থাকতে ঘটনা কিভাবে ঘটল। তখন বলে, সে বাথরুমে ছিল। একটা মানুষ বাথরুমে থাকবে আর আরেকটা মানুষ ফাঁসি দিয়ে ফেলবে- এটাও আমি মেনে নিতে পারতেছিলাম না। আমি কোনো কিছুই মেনে নিতে পারতেছিলাম না। ’
ভিডিওতে মিহির বলেন, ‘আমার মনে হয়, হিমু ফাঁসি দিতেই পারে না। হিমু ফাঁসি দেয় নাই। হিমু এত স্ট্রং। ’
নিজেকে ঘটনার রাজসাক্ষী হিসেবে উল্লেখ করে মিহির বলেন, ‘আমি ম্যাজিস্ট্রেট কোর্টে সাক্ষী দিয়ে আসছি। কিন্তু এখন নতুন করে আমাকে নিয়ে ফেসবুকে যা শুরু হয়েছে, সেগুলো মানসিক যন্ত্রণা দিচ্ছে।
আমি হতাশায় আছি। আমি যদি কোনো দুর্ঘটনা ঘটাই সেটার জন্য পুরো মিডিয়ার মানুষ দায়ী থাকবে। যারা উঠে-পড়ে লাগছেন তারা দায়ী থাকবেন। ’
মিহির আরো বলেছেন, ‘ডিবি, র্যাব, পুলিশের যেকোনো কর্মকর্তা যে কোনো মুহূর্তে আমাকে ফোন দিলে আমি হাজির হব। আমি কোথাও পালাব না। পালিয়ে যাওয়ার ছেলে আমি না। আমি কোনো ধরনের ক্রাইম করিনি। ’
(এইদিনএইসময/জাকারিয়া শুভ)

