শরীয়তপুরের জাজিরায় অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পদ্মা নদীর তীরবর্তী মাঝিরঘাট বাজারের ইউনূস খাঁনের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তেই আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জাজিরা উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ইউনুস খান, হাসান মাদবর, তাজেল মাদবর, রাসেল মিয়া, মঙ্গল খাঁন, ছালাম মাদবরের মুদি দোকান, রাসেল মাদবরের মোবাইল রিচার্জের দোকানসহ ৩০টি দোকান পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে সঠিক কত পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে এখনও বলতে পারছেন না জাজিরা উপজেলা ফায়ার সার্ভিস।
অগ্নকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানদার ইউনূস খাঁন বলেন, ঈদের বেচাবিক্রির জন্য দোকানে অনেক টাকার মাল উঠিয়েছিলাম। বেচাবিক্রির পরে অনেক মালামাল দোকানে ছিল। আগুনে সব পুড়ে গেল।
শরীয়তপুর জেলা পরিষদের সদস্য ও স্থানীয় ব্যবসায়ী নেছার উদ্দিন মাদবর বলেন, সকালে ঈদের জামাত হওয়ার কথা। আমরা কেবলই নামাজে দাঁড়িয়েছি। এর মধ্যেই শুনতে পেলাম আগুন লেগেছে। নামাজ রেখেই আমরা দ্রুত আগুন নেভাতে যাই। যেতে যেতেই ৩০টি দোকান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় সাড়ে ৩ কোটি টাকার মত ক্ষতি হয়েছে।
দোকানদার ছালাম মাদবর বলেন, ঈদের নামাজ পড়ার প্রস্তুতি নিয়েছিলাম। হঠাৎ শুনি বাজারে আগুন লাগছে। দৌঁড়ে এসে দেখি আমার পুরো দোকান আগুনে পুড়ে যাচ্ছে। কিছুই বের করতে পারি নাই। এখন সরকার থেকে যদি সাহায্য দেয় তাহলে আবার নতুন করে দোকান চালু করতে পারবো।
জাজিরা উপজেলা ফায়ার ইন্সপেক্টর শংকর বিশ্বাস বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। দুটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। মূলত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবেদন করলে সরকারিভাবে সহযোগিতা করা হবে।

