নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি ভাড়া বাসায় গ্যাস জমে বিস্ফোরণের ঘটনায় আগুনে পুড়ে আহত হয়েছেন চার শ্রমিক। তাদেরকে দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায়। বিস্ফোরণের সময় ঘরের ভেতরে ছিলেন চারজন শ্রমিক।
আহতদের মধ্যে রয়েছেন—কামরুল হাওলাদার, আতিক, সোহাগ ও মো. আফ্রিদী। তারা সবাই স্থানীয় একটি পোশাক কারখানা, মিথিলা টেক্সটাইলে কর্মরত ছিলেন।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ ব্যক্তিদের শরীরে ৩ শতাংশ থেকে ৮ শতাংশ পর্যন্ত পোড়ার ক্ষত দেখা গেছে। তবে তারা বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

