চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শহীদ সেনাসদস্যদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি।
প্রধানমন্ত্রী শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, দেশের দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ সেনাসদস্যদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সরকার ও সেনাবাহিনী সব সময় তাঁদের পরিবারের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
এ ছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদদের স্থায়ী ঠিকানায় পরিবারের জন্য বাড়ি নির্মাণ, তাঁদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের মাসিক ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক ও সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত শহীদ হন।

