রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির বেশ কিছু অংশ পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার রাত সোয়া ১টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা প্রথমে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেখতে পান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে চলাচলকারী বাসটির নাম নিউ ক্লাসিক্যাল। এটি রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম বাসে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন লাগার সময় বাসটির ভেতরে কেউ ছিলেন না। টার্মিনালের পাশেই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান।
ওসি বলেন, বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনই নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

