কুমিল্লার দাউদকান্দিতে সন্দেহভাজন হিসেবে আটক ২৮ কিশোরের মধ্যে ২২ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। এর আগে থানায় আটক কিশোরদের একটি অংশ দরজা ভেঙে বেরিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনভর অভিযান চালিয়ে ২৮ কিশোরকে আটক করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, তারা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। তবে স্বজনদের ভাষ্য, আটক অনেকের বিরুদ্ধে কোনো অপরাধসংক্রান্ত রেকর্ড নেই।
এ নিয়ে বিকেল থেকে থানার সামনে স্বজন ও স্থানীয়দের ভিড় বাড়তে থাকে। একপর্যায়ে হট্টগোলের সৃষ্টি হয়।
দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, অপ্রয়োজনে ঘোরাফেরার কারণে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়েছিল। রাত সাড়ে ১০টার দিকে ২২ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ছয়জনের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

