নেত্রকোনা-৪ আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৭ জন নেতাকর্মীকে নিজস্ব অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলটি সৌদি আরবের উদ্দেশে রওনা হয়। বাবর নিজে তাদের সঙ্গে যাননি।
বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা মো. হায়দার আলী জানিয়েছেন, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এই দল গঠন করা হয়েছে। ধর্মীয় অনুশাসনে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তিন উপজেলার পাশাপাশি সংশ্লিষ্ট পৌর কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারাও এই ওমরাহ কাফেলায় রয়েছেন।

