জামালপুরে অবৈধ ইটভাটার চিমনি-কিলন গুঁড়িয়ে দিল প্রশাসন

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি
spot_img
spot_img

জামালপুরে পরিবেশ আইন লঙ্ঘন করে পরিচালিত একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ফিক্সড চিমনি ও কিলন গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার পিয়ারপুর এলাকায় যৌথভাবে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার।

অভিযান সূত্রে জানা গেছে, ‘মেসার্স এম আর ব্রিকস’ নামের ইটভাটাটি প্রয়োজনীয় বৈধ অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল। একই সঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ ফিক্সড চিমনি ব্যবহার করে ইট পোড়ানোর অভিযোগও ছিল। এসব অনিয়মের কারণে মোবাইল কোর্ট পরিচালনা করে এক্সকাভেটরের সাহায্যে ভাটার চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয়।

তবে অভিযানের সময় ইটভাটার উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। মালিক বা দায়িত্বপ্রাপ্ত কোনো প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাৎক্ষণিকভাবে আর্থিক জরিমানা করা সম্ভব হয়নি।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি, পরিদর্শক সঞ্জিত বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অবৈধ ও অননুমোদিত ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ নিউজ