কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে হয়রানি ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিম ও তার পরিবারকে নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগও করেছেন পরিবারের সদস্যরা।
২৫ সেপ্টেম্বর (শুক্রবার) অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
তিনি জানান, বিভিন্ন ফেসবুক আইডি থেকে অপপ্রচার চালানো হচ্ছে এবং তাদের দুইজনের মোবাইল নম্বরে বিভিন্ন নম্বর থেকে ফোন করে অশোভন আচরণ করা হচ্ছে। এসব কারণে আতঙ্কে অপ্রতিমের মা নাহিদা বেগম নিজের মোবাইল নম্বর বন্ধ রেখেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ জানিয়েছেন, সাইবার বুলিং ও ফোনে হয়রানির অভিযোগে করা জিডির বিষয়টি তদন্ত করা হচ্ছে।
গত ১৮ সেপ্টেম্বর বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় সপ্তম শ্রেণির ছাত্র অপ্রতিম। পরদিন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ হত্যা মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

