জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর দেশের বিভিন্ন নৌপথে স্পিডবোটের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। শান্ত ও অশান্ত নৌপথে কিলোমিটারপ্রতি ভাড়ার পাশাপাশি বিভিন্ন রুটে জনপ্রতি নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে। শান্ত নৌপথে প্রথম ১০ কিলোমিটারে প্রতি কিলোমিটার ১৬ টাকা ৩৫ পয়সা, পরবর্তী ১০ কিলোমিটারে ১১ টাকা ৭৭ পয়সা এবং এরপর প্রতি কিলোমিটারে ৯ টাকা ৪২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
অশান্ত নৌপথে প্রথম ১০ কিলোমিটারে প্রতি কিলোমিটার ১৮ টাকা ৫৩ পয়সা এবং পরবর্তী দূরত্বে ১৬ টাকা ৩৫ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
জনপ্রতি ভাড়ার মধ্যে আরিচা-কাজীরহাট ২৫৫ টাকা, পাটুরিয়া-দৌলতদিয়া ২৩৫ টাকা, শিমুলিয়া-কাঁঠালবাড়ী ৩৭৫ টাকা, গলাচিপা-রাঙ্গাবালী ৪১৫ টাকা এবং রাঙ্গামাটি-মারিশ্যা রুটে ৯৩৫ টাকা রাখা হয়েছে।
অশান্ত নৌপথে চাঁদপুর-চেয়ারম্যানঘাট ২২৫ টাকা, মজুচৌধুরীর হাট-ইলিশা ৩৫৫ টাকা এবং কুমিরা-গুপ্তছড়া ২৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন ভাড়ার তালিকা ঘাট, টার্মিনাল ও নৌযানে প্রদর্শনের নির্দেশও দেওয়া হয়েছে।

