মোটরসাইকেলে পেট্রোল কিনে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
spot_img
spot_img
ব্রাহ্মণবাড়িয়ায় একটি ঘাতক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই চাচাতো ভাই ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ২৬ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে খবর পাওয়া যায়, শুক্রবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকার ব্যবসায়ী লিটন খাঁর ছেলে নামিম খাঁ (১৯) এবং একই এলাকার মৃত কিসমত খাঁর ছেলে নিরব খাঁ বায়েজিদ (১৮)। নামিম স্থানীয় একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং নিরব কাপড়ের দোকানে কাজ করতেন।
পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, রাতে মোটরসাইকেলে তেল ভরতে সুলতানপুরের একটি পেট্রোল পাম্পে যান তারা। সেখান থেকে বাড়ি ফেরার পথে রামরাইল বাজারে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে সরাইল-খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে।
সরাইল-খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, চালকের লাইসেন্স, হেলমেট এবং মোটরসাইকেলের কোনো নম্বর ছিল না। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ নিউজ