সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টাকারীদের এ দেশে কোনো ঠাঁই হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
২৬ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে জামালপুর শহরের গেইটপাড়া এলাকায় জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশবিরোধী ও গণতন্ত্রবিরোধী অপশক্তি হাজারো মায়ের বুক খালি করেছে এবং দেশের টাকা বিদেশে পাচার করেছে। এদের প্রত্যেককে বিচারে আওতায় আসতে হবে। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা চক্রান্ত করে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা প্রদান ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা রুখতে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সর্বদা সোচ্চার থাকার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
জামালপুর জেলা বিএনপির সভাপতি ও এমপি মো. ফরিদুল কবীর তালুকদার শামীমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন এমপি শাহ মো. ওয়ারেছ আলী মামুন, এমপি এ ই সুলতান মাহমুদ বাবু ও জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলামসহ অনেকে। সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

