লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় পরিচালিত সব অননুমোদিত ও অবৈধ ইটভাটা উচ্ছেদ এবং নতুন করে ইটভাটা স্থাপনের অনুমতি না দেওয়ার বিষয়ে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
১ অক্টোবর (বৃহস্পতিবার) প্রাপ্ত তথ্যে জানা যায়, রামগতির চরলক্ষ্মী গ্রামের বাসিন্দা মো. আশরাফুল আলম হান্নানের দায়ের করা এক রিট আবেদনের (নং ১৬৪৫/২০২৬) শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ এ নির্দেশ দেন।
বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ রুল জারি করেন। রিটে সংবিধানের মূলনীতি ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন-২০১৯) আইনের ধারা লঙ্ঘনের কথা তুলে ধরা হয়।
মামলায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবসহ ১৫ জন সরকারি কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জ্যোতির্ময় বড়ুয়া এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিলা মমতাজ।

